ইংল্যান্ডের বহুল আলোচিত ‘বাজবল’ কৌশল চলতি অ্যাশেজের লর্ডস টেস্টেও সেই সাফল্য পাচ্ছে না। অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের সামনে আক্রমণাত্বক ব্যাটিং করতে গিয়ে টপাটপ উইকেট পড়ে গেছে ইংল্যান্ডের। তৃতীয় দিন শেষে লর্ডস টেস্টে স্পষ্টভাবেই পিছিয়ে আছে স্বাগতিকরা। ২ উইকেটে ১৩০ রান তুলে ২২১ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
বৃষ্টির কারণে শেষ ঘণ্টার খেলা বাতিল না হলে এই লিড গতকাল আরও বাড়ে যেত।
শুক্রবার সকাল থেকেই লন্ডনের আকাশ ছিল মেঘলাযুক্ত। পেসাররা সাহায্যও পাচ্ছিলেন। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ইংলিশদের ৩২৫ রানে অলআউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
ইংলিশদের শেষ ৬ উইকেট পড়েছে ৪৭ রানের মধ্যেই। এজন্য অস্ট্রেলিয়াকে হাত ঘোরাতে হয়েছে মাত্র ১৫.২ ওভার। এই অস্ট্রেলিয়া দল ‘বাজবল’ ঘরানায় বিশ্বাস করে না। টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতে হয়, ঠিক সেভাবেই খেলে।তাই দ্বিতীয় ইনিংসেও অহেতুক তাড়াহুড়ো না করে খেলছিলেন দুই ওপেনার উসমান খাজা ও সাথে ডেভিড ওয়ার্নার।
দিনশেষে খাজা অপরাজিত আছেন ৫৮* রানে। তার মনঃসংযোগ টলাতে পারেননি ইংলিশ পেসারেরা। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ড ব্রড ও জশ টাংয়ের ত্রিফলা আক্রমণের সামনে তিনি সাবলীল খেলেছেন। তার সঙ্গী হিসেবে ৬* রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ।
জশ টংয়ের বলে ২৫ রানে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। এছাড়া মার্নাস লাবুশেনও ৩০ রান করে অ্যান্ডারসনের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। নাথান লায়নকে হারানোর যে চাপ, সেটা যেন বুঝতেই দেননি অস্ট্রেলিয়ান পেসাররা।








