বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ তে উত্তাল হয়ে ওঠেছে কক্সবাজার সমুদ্র উপকূল। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। বৃহস্পতিবার থেকেই বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকার কারনে সেন্টমার্টিনে আটকা পড়েছে প্রায় ২ শতাধিক পর্যটক।
জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াব’র সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বুধবার ৩টি জাহাজে করে ৫১৯ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যায়। তার মধ্যে দুই শতাধিক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজ চলাচল শুরু হবে, তখন সেন্টমার্টিনে থাকা পর্যটককে ফিরিয়ে নিরাপদে ফিরিয়ে আনা হবে।
ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় কক্সবাজারের জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, উপকূলের সকল সাইক্লোন শেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে। উপকূলে মাইকিং করা হয়েছে।







