অ্যাশেজ সিরিজের ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে আজ রবিবার ক্রিকেট রোমাঞ্চ দেখার অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া এখনো ৬১ রানে পিছিয়ে আছে। ইংল্যান্ডের মূল লক্ষ্য ছিল তাদের দ্রুত থামিয়ে ম্যাচ জিতে নেওয়ার। এতে করে সিরিজে ২-২ তে সমতায় আসত।
ফলে শেষ টেস্ট হয়ে যেত সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’। কিন্তু বেন স্টোকসদের এই পরিকল্পনায় জল ঢেলে দিল বৃষ্টি। আজ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি।
চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর হচ্ছে ৫ উইকেটে ২১৪ রান।
বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি কোনভাবেই থামছেই না। উইকেট ঢেকে রাখা হয়েছে। মাঝে অল্প সময়ের জন্য বৃষ্টি থামলে আম্পায়াররা মাঠ পরিদর্শনের কথা ভেবেছিলেন, কিন্তু আবারো শুরু হয় বৃষ্টি। তাই খেলা শুরু করা সম্ভব হয়নি।কখন ম্যাচ শুরু হবে সে বিষয়েও এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্যই পাওয়া যায়নি।
৪র্থ টেষ্টে ম্যানচেস্টারে ইংল্যান্ডের জয়ের পাল্লাই ভারী। কারণ তাদের একটি ইনিংস বাকি আছে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিততে হলে বড় রানের লিড তুলে ইংল্যান্ডকে অল আউট করতে হবে। শেষ দিনের দুই সেশনে সেটা অসম্ভব বললেও ভুল হবে না।
কিন্তু ইংল্যান্ড যদি এই ম্যাচ জিততে না পারে, ম্যাচটি যদি ড্র বা পরিত্যক্ত হয়, তাহলে চলতি অ্যাশেজ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে ইংলিশদের।
প্রথম তিনটি টেস্টের মধ্যে দুটিতে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে ইংল্যান্ড জিতেছিল। ফলে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে অজি বাহিনী। চতুর্থ টেস্ট জিততে না পারলে ইংল্যান্ডের পক্ষে অ্যাশেজ জয় সম্ভব নয়। চতুর্থ টেস্ট ড্র হলে ও শেষ টেস্ট ইংল্যান্ড জিতলে সিরিজ অমীমাংসিতই থেকে যাবে। সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বর্তমান শিরোপাধারী অস্ট্রেলিয়া অ্যাশেজ নিজেদের কাছেই রেখে দেবে।







